নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সবুজে ঘেরা ক্যাম্পাসে রয়েছে নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস। গাছপালা ও ছোট-বড় জলাশয়ে সমৃদ্ধ এই ক্যাম্পাস শুধু শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কেন্দ্র নয়, বিভিন্ন বন্যপ্রাণীরও আবাসস্থল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এক বছরব্যাপী গবেষণায় ক্যাম্পাসে ১৩১ প্রজাতির বন্যপ্রাণীর উপস্থিতি শনাক্ত হয়েছে।
ক্যাম্পাসে সবচেয়ে বেশি দেখা গেছে পাখির প্রজাতি। এখানে রয়েছে ৯৭ প্রজাতির পাখি। এসব পাখির মধ্যে রয়েছে চড়ুই, বেগুনি বকসহ বিভিন্ন স্থানীয় ও পরিযায়ী পাখি। শীতকালে অতিথি পাখির আগমনে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা মুখর হয়ে ওঠে। গবেষণায় শীতকালে সর্বোচ্চ ১০২ প্রজাতির বন্যপ্রাণীর উপস্থিতি নথিভুক্ত করা হয়েছে।
বিশেষ করে ক্যাম্পাসের মেডিকেল সেন্টার থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত লেকবেষ্টিত ‘ময়না দ্বীপ’ শীতকালে অতিথি পাখির বিচরণক্ষেত্র হয়ে ওঠে। এই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। বন্যপ্রাণী সংরক্ষণে এটি একটি ইতিবাচক উদ্যোগ।
পাখি ছাড়াও ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী। ঝোপঝাড়ে দেখা মেলে গিরগিটির। এ ছাড়া রয়েছে পাঁচ প্রজাতির ব্যাঙ। রাতের বেলায় ক্যাম্পাসে বিচরণ করে বিভিন্ন নিশাচর প্রাণী। এর মধ্যে রয়েছে সোনালি শিয়াল, রেসাস বানর ও সজারু। এমনকি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় থাকা বিপন্ন গ্রে-হেডেড ফিশ ঈগল এবং বিরল প্রজাতির কচ্ছপেরও দেখা মিলেছে এই ক্যাম্পাসে। তবে অপরিকল্পিত উন্নয়ন, মানুষের কোলাহল ও আবাসস্থল ধ্বংসের কারণে ক্যাম্পাসের বন্যপ্রাণীরা হুমকির মুখে পড়তে পারে।
গবেষকরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা ও জনসচেতনতা। ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।


