বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষাণীরা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষাণীরা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষাণীরা। তাঁরা বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে সম্পূর্ণ অনুদান দিতে হবে। কোনোভাবেই ঋণের বোঝা চাপানো যাবে না।


রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা গ্রামে আয়োজিত এক আদিবাসী কিষাণী সমাবেশে বক্তারা এসব দাবি জানান। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষায় কার্যকর সিদ্ধান্ত এবং উন্নত দেশগুলোর কাছ থেকে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।


দেশের বিভিন্ন জেলার ৩০টি নাগরিক সংগঠনের উদ্যোগে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নারী নেত্রী কস্তান্তি না হাঁসদা, সাবিত্রী হেমব্রম, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও সমাজসেবী পঙ্কজ কর্মকার।


বক্তারা বলেন, কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতি কৃষকদের জন্য হতাশাজনক। কার্বন ব্রিফের বিশ্লেষণ উদ্ধৃত করে তাঁরা বলেন, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থের প্রতিশ্রুতি বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার থেকে কমে ১ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ কমেছে ৭১ শতাংশ। অভিযোজন অর্থ তিন গুণ করার প্রস্তাবও আলোচ্যসূচিতে আসেনি। ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসেও খাদ্য ও কৃষির জন্য কোনো লক্ষ্য বা অর্থায়নের ঘোষণা দেওয়া হয়নি।


আয়োজকেরা জানান, বিশ্বের মোট জলবায়ু অর্থের মাত্র ১ দশমিক ৭ শতাংশ উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়। সম্মেলনে বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা এসেছে। ঋণ নয়, অনুদান হিসেবে এই অর্থ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানালেও তাঁরা বলেন, দেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষতির পরিমাণ ১ হাজার ৫২০ কোটি ডলার। সে তুলনায় ঘোষিত অর্থ মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।


বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক জলবায়ু সংকট তৈরি করেননি, অথচ এর সবচেয়ে বেশি ক্ষতি তাঁদেরই বহন করতে হচ্ছে। তাই কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অন্তত পাঁচ বছরের অর্থায়নসহ খাদ্য ও কৃষির স্থায়ী কর্মসূচি গ্রহণ, কৃষক ও জেলে সংগঠনের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতায়নের দাবি জানান তাঁরা।


এ ছাড়া কৃষক, নারী কৃষক, বর্গাচাষি, কৃষিশ্রমিক, জেলে ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করে ন্যায্য রূপান্তর বাস্তবায়ন, ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর অন্যায্য বিদেশি ঋণ বাতিল এবং কার্বন বাজারের পরিবর্তে কৃষিপ্রতিবেশকে জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তাঁরা।


সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতিও কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, সম্মেলনের বাকি দিনগুলোতে অভিযোজন অর্থায়ন ও কৃষি কর্মসূচি চূড়ান্ত করতে সক্রিয় ভূমিকা রাখা, বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলারের অনুদানের প্রকল্প এলাকা ও উপকারভোগীদের তথ্য প্রকাশ এবং গ্যাস বরাদ্দে সার উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া।


পাশাপাশি কৃষক কার্ড, শস্যবিমা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।


প্রচারাভিযানের মূল স্লোগান—‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’।