তরুণদের নেতৃত্বের বিকাশ, স্বাস্থ্য অধিকার, সৃজনশীলতা ও সামাজিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬’। গতকাল বৃহস্পতিবার নগরীর পিঁপড়া কনভেনশন হলে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্প ও রাজশাহী-আরএইচস্টেপের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্বাস্থ্যকর্মী, উন্নয়নকর্মী, মেন্টর, ইয়ুথ অ্যাডভোকেট, স্বেচ্ছাসেবী ও তরুণ প্রতিনিধিসহ ১২০ জন অংশ নেন। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘Youth Shaping Tomorrow: Stories of Youth-Led Change’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক তাসমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ইউওয়াইপি-আরএইচস্টেপের প্রকল্প ব্যবস্থাপক আবু রায়হান। এ ছাড়া আরএইচস্টেপের ইউনিট ম্যানেজার মো. মামুনুর রহমান, সহকারী বিদ্যালয় পরিদর্শক আবদুর রব সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মো. আশিকুর ইসলাম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জনাব আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের রাজশাহী প্রকল্প কর্মকর্তা দীপ্তি সরকার। পরে অতিথিদের বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।
উৎসবের প্রথম পর্বে ইউওয়াইপি প্রকল্পের ২০২৫-২০২৬ সালের কার্যক্রম, লক্ষ্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ইয়ুথ অ্যাডভোকেট, ইয়ুথ হেলথ কাউন্সিল, ইয়ুথ হেলথ ওয়াচডগ, কমিউনিটি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, অর্জন এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার গল্প শোনান।
দ্বিতীয় পর্বে ‘থিয়েটার ফর এসআরএইচআর’ শীর্ষক আয়োজনে পরিবেশনা উপস্থাপন করেন বকুল ও তাঁর দল। এতে জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, পরিবেশ সংরক্ষণ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা তুলে ধরা হয়।
তৃতীয় পর্বে ‘এসআরএইচআর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে ইয়ুথ হেলথ কাউন্সিলের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. কস্তুরি আমিনা কুইন, উপপরিচালক আবদুর রাজ্জাক, সহকারী পরিচালক রাফিউন নাহার, মেডিকেল অফিসার ডা. সারোয়ার জাহান এবং দামকুড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হেলথ মেন্টর নাহিদা আক্তার অংশ নেন। আলোচনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
চতুর্থ পর্বে প্রকল্পের মেন্টর, ইয়ুথ অ্যাডভোকেট ও সাবেক অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, সৃজনশীল উদ্যোগ, নেতৃত্বের বিকাশ ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন সিআরপির ডেপুটি জেনারেল ম্যানেজার সোমা, মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবায়দুল হক, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সেন্ট লুইস স্কুলের সহকারী শিক্ষক ড. রবীন্দ্রনাথ দাস এবং আলোর পাঠশালা রাজশাহীর প্রধান শিক্ষক মোছা. রাজিনা খাতুন।
দিনব্যাপী আয়োজনের শেষাংশে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও ম্যাজিক পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রকল্পের কার্যক্রমে অবদান ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ মেন্টর, ইয়ুথ অ্যাডভোকেট ও স্বেচ্ছাসেবীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বেস্ট মেন্টর নির্বাচিত হন নুরুল ইসলাম এবং বেস্ট ইয়ুথ অ্যাডভোকেট নির্বাচিত হন জিনিয়া আক্তার। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের রাজশাহী-আরএইচস্টেপের ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলাম।
আয়োজকেরা জানান, তরুণদের সম্ভাবনা, নেতৃত্ব ও সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে তরুণদের কার্যকর সংযোগ তৈরিতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যসেবায় তরুণদের অংশগ্রহণ এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে তরুণ নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এ আয়োজন সহায়ক হবে।


