বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

পাকিস্তানের বিপক্ষে হারের দায় নিলেন ডুলি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে হারের দায় নিলেন ডুলি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

পুরো ম্যাচে একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশ সেরা ফুটবল খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে যে মানের পারফরম্যান্স দেখিয়েছিলেন হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদরা, তার ছিটেফোঁটাও গতকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে দেখাতে পারেনি। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও নির্ধারিত ৯০ মিনিটের লড়াইটি মনে হয়েছিল ড্র হবে। কিন্তু ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের ভুলে সব এলোমেলো হয়ে যায়। শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হওয়া কোচ থমাস ডুলি হারের দায় নিজের কাঁধে নিয়েছেন, ‘আমি যেহেতু দলের প্রধান কোচ, হারের দায় তাই আমারই নিতে হবে। আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দর্শক থেকে শুরু করে সবার আশা ছিল আমরা ফাইনাল খেলব, সেটা পূরণ হয়নি বলে সবাই হতাশ হয়েছে।’

রেফারির শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলারকে কাঁদতে দেখা গেছে। জিদান ইউসুফ, ফয়সাল আহমেদ ফাহিম ও গোলরক্ষক শ্রাবণ তো কোনো কথাই বলছিলেন না। ম্যাচের পর দলের এমন অবস্থা বর্ণনা করতে গিয়ে ডুলি বলেন, ‘আপনারা যেমনটা অনুমান করতে পারছেন, আমরা সবাই হতাশ। লকার রুম খুবই শান্ত, কেউ কিছু বলছে না। ঘরের মাঠে দর্শক, এত মানুষ– প্রত্যাশা খুব বেশি ছিল আমাদের নিয়ে। সবাই ধরে নিয়েছে আমরা পাকিস্তানের বিপক্ষে জিতব। তারা (পাকিস্তান) খুব দ্রুত গতির ফুটবল খেলেছে। আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তা তারা খুব ভালোভাবে পড়তে পেরেছিল, আমরা যা করার চেষ্টা করছিলাম তা তারা পড়তে পেরেছিল এবং... এই কারণেই তারা খুব দ্রুত বল ফেরত পেয়েছিল। তারা নিয়ন্ত্রণে নিয়েছিল, এবং... এই কারণেই শুরুতেই আমাদের জন্য খেলায় প্রবেশ করা খুব কঠিন ছিল।’


ভুল যে করেছেন, সেটা শ্রাবণের অভিব্যক্তিই বলে দিয়েছে। ম্যাচের পর এ নিয়ে শ্রাবণের সঙ্গে কথা হয়নি বলে জানান ডুলি, ‘আমি তাকে জিজ্ঞেস করিনি, আপনারা তো অনুমানই করতে পারছেন। যখন এমন কিছু ঘটে, এমন একটা পরিস্থিতিতে আপনি ম্যাচ হারছেন... যে ম্যাচটি... আপনি জিততে চান, এবং... সবকিছু ইতিবাচক মনে হচ্ছিল। এবং আমরা যদি এই ম্যাচটি জিততাম, তবে আমি মনে করি ভারতের বিপক্ষে ফাইনাল খেলাটা পাকিস্তানের বিপক্ষে খেলার চেয়ে অনেক সহজ হতো। তাই এটা পরিষ্কার ছিল যে এটাই সেই ম্যাচ, যা আমাদের জিততেই হবে। কিন্তু আমরা জিততে পারিনি। আমরা গোলকিপারের কাছ থেকেও ব্যাকলাইন থেকে কথা বলেছিলাম এবং একটু দ্রুত খেলার কথা বলেছিলাম, কিন্তু সেও তো একজন তরুণ খেলোয়াড়, সেও কিছু ভুল করেছে, যার কারণে এই গোলটি হয়েছে। যেমনটা আমি সবসময় বলি, এখানে কেউ রোবট নই। তাদের একটা মস্তিষ্ক আছে, এবং তাদের ওপর চাপও রয়েছে, হোম ম্যাচ, জিততেই হবে, আমি শেষ মানুষ, যদি আমি ভুল করি, তবে হয়তো পরিস্থিতি কঠিন হবে। আপনি অন্য দুই গোলকিপারকে জিজ্ঞেস করতে পারেন, তারাও হয়তো একই পরিস্থিতিতে ঠিক একই কাজ করত। তাই এটা বলা খুব কঠিন। আপনি কোনো একজন ব্যক্তির ওপর দোষ চাপাচ্ছেন, যা আমি করছি না।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো নব্বই মিনিটে ক্লান্তিহীন মনে হয়েছিল বাংলাদেশের ফুটবলারদের। কিন্তু পাকিস্তান ম্যাচে সেই এনার্জি দেখা যায়নি। এই প্রসঙ্গে ডুলির ব্যাখ্যা, ‘আমাদের চেয়ে তাদের (পাকিস্তান) কয়েকদিন বেশি ছুটি ছিল। সেটা মাঝে মাঝে সাহায্য করে। কিন্তু আমি সবসময় বলি এটা বড় কোনো সমস্যা নয়। এটা ঠিক আমাদের কয়েকজন ফুটবলারের পায়ে ক্র্যাম্প ধরছে, এবং এটি একটি লক্ষণ যে আপনার শরীর আবার এই ধরনের ম্যাচের জন্য প্রস্তুত নয়।’

উত্তরা / এ এম