উত্তরা প্রতিদিন
ঢাকা

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: আদিব চৌধুরী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: আদিব চৌধুরী

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের পর বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কে না গিয়ে শেখ মুজিব সরকারের একটি নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

 

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর 'স্বাধীনতা-পরবর্তী এক দশকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তুলনামূলক পর্যালোচনা শীর্ষক পর্বে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

 

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন দেশ হিসেবে আমাদের যারা স্বীকৃতি দিচ্ছিল, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ আমরা নষ্ট করেছি। এছাড়া সঠিক পররাষ্ট্রনীতি অবলম্বন না করার কারণে বিদেশি অনেক সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল। নতুন রাষ্ট্র হিসেবে সেই প্রভাব এড়াতে না পেরে দুর্ভিক্ষসহ বিভিন্ন সমস্যা আমাদের ঘিরে ধরেছিল।

 

তিনি আরো বলেন, স্বাধীনতা-পরবর্তী দশকের দ্বিতীয় ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে আমাদের স্বার্থ আছে, সেখানেই সম্পর্ক জোরদারের চেষ্টা করেছেন। বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমশক্তিকে জনশক্তি হিসেবে বিদেশে রপ্তানির দুয়ার খুলে দিয়েছেন। অন্যদিকে শেখ মুজিব সরকার দেশের গণতন্ত্র নষ্ট করে বাকশাল কায়েম করেছিল, যা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল।

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে জিয়াউর রহমান উদ্যোগী ছিলেন উল্লেখ করে জহরত আদিব চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান চালু করেছিলেন, যেন পররাষ্ট্রনীতি শুধু নেতানির্ভর না হয়ে গবেষণানির্ভর হয় এবং ভবিষ্যৎ বাংলাদেশের তরুণরাও আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

 

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল মান্নান।

 

উত্তরা / এ এম

Read more — জাতীয়
Home