উত্তরা প্রতিদিন
ঢাকা

শাড়ি প্রতারণা মামলায় আবারও জামিন পেলেন তিশা

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
শাড়ি প্রতারণা মামলায় আবারও জামিন পেলেন তিশা

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৩ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট কামালউদ্দিনের আদালত মঙ্গলবার তিশাকে জামিন দেন। তবে এই জামিন শুধু মামলার পরবর্তী তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে একই মামলায় গত ১৩ আগস্ট ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিন শর্তসাপেক্ষে জামিন পান তানজিন তিশা।

এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) বলেন, ‘তানজিন তিশা আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করা হয়েছে। এর আগে তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিশা দেশের একজন সেলিব্রিটি। তাকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তার কাছে এ ধরনের প্রতারণার শিকার হওয়াটা দুঃখজনক। তাই আশা করি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’

‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। 

বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশাকে (তানজিন নাহার তিশা) আইনি নোটিশ দিয়েছিলেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়।

আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে নীরব থাকায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

এরপর মামলাটির তদন্ত করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আদালতে রিপোর্ট প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

উল্লেখ্য, বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামের একটি সিনেমায়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগেই মামলা এবং নানা বিতর্কে জড়িয়েছেন তিশা। এই অভিনেত্রী কি পারবেন এত বিতর্ক ও মামলা সামলে নিয়ে ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিতে, নাকি নতুন করে আরও বিতর্কের জন্ম দেবেন তিশা?

Read more — বিনোদন
Home