
সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই উদ্বেগের। যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, কিছু কিছু ক্ষেত্রে তাদের নিরাপত্তাই এখন হুমকির মুখে। অপরাধীদের ধরতে গিয়ে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ এক কন্যাশিশুর মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর দফায় দফায় হামলা চালায়। স্থানীয় লোকজন আটক ব্যক্তিদের ঘর পুড়িয়ে দেয়। এ হামলার ঘটনায় আহত হয়েছেন এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর), পুলিশ ও প্রশাসনের সদস্যসহ ৩০ থেকে ৩৫ জন। ভাঙচুর করা হয়েছে সরকারি ছয়টি গাড়ি। এদিকে রাজধানীর আদাবরে একজন বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে গেলে দুর্ধর্ষ হামলার শিকার হন থানার ওসি এবং একজন এসআই। একপর্যায়ে পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারী আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, এ এলাকায় ছিনতাইকারী চক্র এতটাই বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ভয় পায় না। প্রকাশ্যেই ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। টার্গেট করে হামলা চালায় এবং সবকিছু কেড়ে নেয়। সামান্য বাধা পেলেই তারা প্রকাশ্যে মানুষকে কুপিয়ে জখম করে। মাঝেমধ্যে ছিনতাইকারী-মাদক কারবারিরা গ্রেপ্তার হলেও কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে আরও ভয়ংকর হয়ে ওঠে। এভাবে এলাকায় ছিনতাইকারীরা নির্বিঘ্নে তাদের অপরাধকাজ চালিয়ে যেতে পারে।
গত ১৮ জুন নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে আড়াইহাজার থানার পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে স্থানীয়দের দাবি, তারা পুলিশ পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত। এ ক্ষেত্রে পুলিশের দাবি, তারা একটি মামলায় আসামিকে গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে। গত শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জনতার হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এভাবে সারা দেশে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চলছে এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম পাঁচ মাসেই (জানুয়ারি-মে) পুলিশের ওপর অন্তত ২৬৮টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি মাসের মাঝামাঝি বড় তিনটি ঘটনা ঘটেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত এ সংখ্যা ৮৭০ ছাড়িয়েছে। আসামি গ্রেপ্তার, অপরাধবিরোধী অভিযান কিংবা আইন প্রয়োগ করতে গিয়ে এমন হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা।
আমরা লক্ষ করেছি, ৫ আগস্ট-পরবর্তী পুলিশকে নিশানা করে হামলা করা হয়েছিল। সে সময়ে পুলিশের মনোবল চরমভাবে ভেঙে পড়ে। এরপর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে থাকে। পরে সরকার পুলিশের মনোবল বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগে। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। যারা পুলিশের ওপর হামলা করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা আশা করছি, সরকার অচিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং তাদের নিরাপত্তা সর্বাগ্রে স্থান পায়।

