
আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। এ সময়ে অভিনয়ের চেয়েও তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হচ্ছে। কারণ তিনি আবারও মা হতে চলেছেন। আর এ জন্যই তিনি লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবন থেকে আপাতত বিরতি নিয়েছেন বলেই জানা গেছে বিভিন্ন সূত্রে।
বুবলী আবারও মা হওয়ার খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগের তির তোলা হয় বুবলীর দিকে।
কারণ শাকিব খানের সঙ্গে তার নাকি ডিভোর্স হয়েছে। তাহলে কি আবারও শাকিব খানকে বিয়ে করেছেন বুবলী। এই প্রশ্নটিই বেশি ঘুরপাক খাচ্ছিল। এতদিন এ বিষয়টি নিয়ে তেমনভাবে কথাও বলেননি শাকিব-বুবলী কেউই। পুরো বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে রেখেছেন তারা। বুবলী যেন মিডিয়ার সঙ্গে রীতিমতো চোর-পুলিশ খেলছেন। সেই খেলারই শেষ অংশ মিলল মাছরাঙার জনপ্রিয় পডকাস্টে। যেখানে তিনি সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জালে আটকে পড়তে পড়তেও নিজেকে ঠিকই ছাড়িয়ে নিলেন বুদ্ধিবৃত্তিক উত্তর দিয়ে।
পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন, কবে তিনি বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না!
বুবলী স্পষ্ট ভাষায় বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’
নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।’
তার এই বক্তব্যে এটুকু নিশ্চিত, শাকিবের সঙ্গে সম্পর্কের জটিলতা থাকলেও তাদের এখনো আইনি বিচ্ছেদ হয়নি। এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন নানা ভাষায়।
শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল-বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়।
তিনি আরও বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।
শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন বুবলী। তবে কবে নাগাদ যাবেন এ সম্পর্কে জানা যায়নি।

