উত্তরা প্রতিদিন
ঢাকা

মডেল ও উপস্থাপিকা তুলনা আর নেই

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
মডেল ও উপস্থাপিকা তুলনা আর নেই
মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। বেশ কয়েক বছর আগে তার অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হয় তার। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তুলনা দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে কাজ করেছেন। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিতি ছিল তার। শোবিজে কাজের সুবাদে সহকর্মী ও অনুরাগীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তুলনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি।

তার হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব অনেকের নজর কাড়ত। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করলেও নিজের শারীরিক কষ্ট আড়ালে রেখে কাজের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন তিনি।তুলনা আল হারুনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোক বিরাজ করছে।

Read more — বিনোদন
Home