উত্তরা প্রতিদিন
ঢাকা

‘ফারজানা’ হয়ে আসছেন পরীমনি

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
‘ফারজানা’ হয়ে আসছেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। প্রতিবছরের মতো এবারের জন্মদিনও প্রিয় মানুষদের সঙ্গে উদযাপন করেছেন তিনি। রাজধানীর পূর্বাচলের মইজউদ্দিন চত্বরের কাছে একটি রেস্টুরেন্টে জন্মদিনের ‘শিউলি সন্ধ্যা’ শিরোনামে জন্মদিনের আয়োজন করেন। অনুষ্ঠানে পরীমনিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন শোবিজ অঙ্গনের তারকা, নির্মাতা ও সাংবাদিকরা।

তবে মূল অনুষ্ঠানের শুরুতেই পরীমনি জানিয়ে দেন তার নতুন সিনেমার খবর। সিনেমার নাম ‘ফারজানা’। এরই মধ্যে শুটিং শুরু করেছেন তিনি। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয় জন্মদিনের উৎসবে। সিনেমাটি নির্মাণ করছেন নাট্যনির্মাতা তারেক রহমান।

সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘এবারের জন্মদিনটা শুধুই জন্মদিন নয়, স্মৃতির প্রতি ভালোবাসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা আর প্রিয়জনদের সান্নিধ্যে এক টুকরো সুন্দর সময় কাটানোর আমন্ত্রণ। আমি আমার প্রিয় প্রিয় মুখগুলোকেই এই আয়োজনে দেখতে পেরেছি, যাদের দেখে সত্যিই আমি ভীষণ উচ্ছ্বসিত আনন্দিত। আমি সব সময়ই আমার সুখের কথা, আনন্দের কথা সবার সঙ্গে শেয়ার করে তা আরও বাড়াতে চেয়েছি। শিউলি সন্ধ্যায় তাই জানাতে এলাম ‘ফারজানা’র খবর। ফারজানা আমার নতুন অভিনীত সিনেমা। যে সিনেমার কাজ এরই মধ্যে আমি শুরু করেছি এবং গল্প, চিত্রনাট্য সবকিছু আমার ভীষণ ভালো লেগেছে। চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, আমাকে এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, ফারজানা সিনেমার গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন রাজু রাজ। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তুরান মুন্সী। জন্মদিনের দিন নির্মাতা সোশ্যাল মিডিয়াতেও সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন।

Read more — বিনোদন
Home