উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেবে ‘নতুন কুঁড়ি’র বিজয়ীরা

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক ১১ নভেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেবে ‘নতুন কুঁড়ি’র বিজয়ীরা

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের সবগুলো পর্ব ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়। আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের সম্মাননা জানাতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরও অনেকেই। ১২টি বিষয়ে ক এবং খ শাখার প্রতিযোগী এবং শ্রেষ্ঠ শিশুশিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে এ বছরের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার।

নতুন কুঁড়ির সামগ্রিক আয়োজন বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘‘নতুন কুঁড়ি’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশের অন্যতম মঞ্চ। এ মঞ্চ থেকেই উঠে এসেছে দেশের অনেক খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় নবীন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছে বাংলাদেশ টেলিভিশন।

নতুন কুঁড়ির পুরস্কার বিতরণ শেষ হয়ে গেলে প্রতিযোগীরা পারফম্যান্স বন্ধ করে দেবে তা কিন্তু নয়। আমি এই শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন তাদের শিল্পচর্চা অব্যাহত রাখে। কারণ নতুন কুঁড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর এই শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। আগামী নতুন কুঁড়ি পর্যন্ত তাদেরকে নিয়ে এ আয়োজন চলতেই থাকবে।” 

Read more — বিনোদন
Home