উত্তরা প্রতিদিন
ঢাকা

গোমেজের বিয়েতে দাওয়াত পাননি বান্ধবী রাইসা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
গোমেজের বিয়েতে দাওয়াত পাননি বান্ধবী রাইসা

দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছাড়া বাঁধেন এই পপতারকা। তার বিয়ে নিয়ে পরিবার থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

তবে এবার হঠাৎ করেই তোপের মুখে পড়েছেন সেলেনা। আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সেলেনা গোমেজের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা, যিনি কিডনি দিয়ে গোমেজের জীবন বাঁচিয়েছিলেন তাকে নাকি সেলেনার বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি। এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ফলে তোপের মুখে পড়েছেন বিশ্বখ্যাত এই পপস্টার। 

এর আগে ২০১৭ সালে লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে হয় সেলেনা গোমেজকে। তখন তার জীবন বাঁচাতে বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা। নিজের একটি কিডনি দান করে সেলেনার প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু এতকিছুর পরও সেই বান্ধবী দাওয়াত না পাওয়ায় ধারণা করা হচ্ছে, তাদের সেই বন্ধুত্ব হয়তো আর আগের মতো নেই।

গোমেজ ও রাইসার দুরত্বের ঘটনাটি প্রকাশ্যে আসে গোমেজের বিয়ের কয়েকদিনেই। গোমেজের বিয়েতে অনুপস্থিত থাকার বিষয়টি রাইসার পোস্টগুলোর কারণে স্পষ্ট হয়। কারণ, সেই বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হাই-প্রোফাইল অতিথি, যাদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, এড শিরান, এসজেডএ এবং ক্যামিলা কাবেলো। পিপল এবং ইনস্টাইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম অতিথিদের তথ্য ও ছবি প্রকাশ করেছে, তবে কোথাও রাইসার নাম উল্লেখ করা হয়নি।

রাইসার অনুপস্থিতি চোখে পড়েছে অনুরাগীদেরও। রাইসা ইনস্টাগ্রামে গোমেজের বিয়ের গোটা সপ্তাহজুড়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে গোমেজ বা তার বিয়ে সম্পর্কিত কোনো পোস্ট দেখা যায়নি তার অ্যাকাউন্ট থেকে। বিয়ের দিন তিনি কোরিওগ্রাফার সাশা ফারবারের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন, যা ইঙ্গিত দেয় তিনি তখন অন্য কোথাও ছিলেন। তবে এই বিষয়ে রাইসা কিংবা গোমেজ কেউই গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

এদিকে, গোমেজ তার বিয়েতে ফ্রান্সিয়া রাইসাকে দাওয়াত করেননি এমন সংবাদ ছড়িয়ে পড়তেই সেলেনা গোমেজের ওপর ক্ষোভ প্রকাশ করছেন অনুরাগীরাও। অনেকে মন্তব্য করছেন, “যে বন্ধু নিজের শরীরের অঙ্গ দান করেছিল, তাকে ভুলে যাওয়া অকৃতজ্ঞতার পরিচয়।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলও তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেলেনার বিয়ের অতিথি তালিকায় সত্যিই ফ্রান্সিয়া রাইসার নাম ছিল না। 

Read more — বিনোদন
Home