রাজশাহী বিভাগে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেছেন, শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আগে সচেতন করতে হবে। এরপরও যারা খাদ্যে ভেজাল দেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা আয়োজন করতে হবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়াতে হবে। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে টিভিসি ও স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রদর্শনেরও পরামর্শ দেন তিনি। সচেতনতা কার্যক্রমের পরও যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক বিগত দুই মাসের কার্যক্রমের তথ্য তুলে ধরে জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজশাহী বিভাগের ৩৪৭টি খাদ্য স্থাপনায় মনিটরিং করা হয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একই সময়ে বিভাগে ৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যবিষয়ক কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিসিকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী মাসে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ এবং অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড দেওয়া হচ্ছে। গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির অভিযোগে দায়ের করা দুটি মামলায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, আসন্ন শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদন ও বাজারজাতকরণে ভেজাল প্রতিরোধে বিশেষ নজরদারি চলছে। রাজশাহীর বাঘা, আড়ানী ও চারঘাট এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এলাকায় গুড় উৎপাদনের সময় রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর আশঙ্কায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং গুড় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাদ্য নিরাপত্তাসংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে হবে। এ জন্য উপজেলা পর্যায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন তারা।
সভা শেষে বিভাগীয় কমিশনার ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে প্রশাসন, সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


