বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

কর্ম-এলাকা বহাল দাবিতে রাজশাহীতে কাজিদের কলম বিরতি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
কর্ম-এলাকা বহাল দাবিতে রাজশাহীতে কাজিদের কলম বিরতি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

নির্ধারিত কর্ম-এলাকা বহাল রাখাসহ সাত দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নিকাহ রেজিস্ট্রার পেশার সংস্কার, উন্নয়ন, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সাত দফা দাবি তুলে ধরেন বক্তারা।

এ সময় তারা বলেন, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে সরকার যে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, তা নিকাহ্ রেজিস্ট্রাররা মেনে নেবেন না। কারণ তারা অনেক কষ্টে জীবনযাপন করেন এবং সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা পান না; অথচ সরকারি কোষাগারে নিয়মিত হাজার হাজার টাকা রাজস্ব জমা দেন।

বক্তারা আরও বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আইনগত দায়িত্ব। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রতারণামূলক বিবাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ ও অনিবন্ধিত বিবাহ প্রতিরোধে নিবন্ধন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। আইন ও বিধিমালা অনুসরণ করে প্রতিটি কাজী অফিস সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক—এটাই সবার প্রত্যাশা।

সংগঠনের নেতারা জানান, বিবাহ ও তালাক নিবন্ধনে অনিয়ম প্রতিরোধ, পেশাজীবীদের সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির স্বার্থে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি।

কর্মসূচিতে কাজি খয়বর হোসেন, কাজি মো. জহুরুল আলম, কাজি মো. হাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে সাত দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন সংগঠনের নেতারা।


উত্তরা / এ এম,