রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পলাশ আলীর বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।
পুলিশ জানায়, এনসিপি নেতা পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সেখানে তার সহকর্মী ২৭ বছর বয়সী এক তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


