উত্তরা প্রতিদিন
ঢাকা

শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

 

সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। 

এদিন এ মামলায় আজ চতুর্থ নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। 

 

এ মামলায় গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এসপি আনিসুর রহমানসহ পলাতকরা হলেন– চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

এর আগে, ১৬ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রথম সাক্ষীর জবানবন্দি শুরু হয়। ওই দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী মো. ইসরাফিল হোসেন। গত ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আদালতে হাজির না করে তাদের টানা দুইরাত নির্যাতন করা হয়। পরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে দুজনের পায়ে গুলি করানো হয়।

অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর শিবিরের এই দুই নেতার ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়। পরবর্তীতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে পচন ধরে। শেষ পর্যন্ত তাদের পা কেটে ফেলতে হয়েছে।

 

 

উত্তরা / এ এম 

Read more — আইন-আদালত
Home