
এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার কলেজটির ৪৬ জন পরীক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়।
তিনি আরও বলেন, সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া কামনা করছি।
উত্তরা / এ এম

