
পৃথক দুটি কলেজের ১০ শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৭ জন। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজ দুটির কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
কলেজ দুটি হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এর মধ্যে এক কলেজে পরীক্ষার্থী ছিলেন একজন, অন্যটিতে ৬ জন।
চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, কাগজে-কলমে ১০ জন শিক্ষক থাকলেও তিনজন চলে গেছেন। এমপিওভুক্ত না হওয়ায় বাকি ৭ শিক্ষক এখন আর কলেজে আসেন না।
কোনাপাড়া কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ জানান, প্রথমবার নিবন্ধন পাওয়া এই কলেজে তিন জন শিক্ষকের পাশাপাশি স্কুলের দুই জন শিক্ষক দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হয়েছিল। প্রথম বছরের অভিজ্ঞতা ও শিক্ষক স্বল্পতার কারণে ৬ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলায়েত হোসেন জানান, সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ায় প্রতিষ্ঠান দুটি সম্পর্কে বিস্তারিত জানা নেই, তবে সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি।
উত্তরা / এ এম

