
সৌদি দূতাবাসের উদ্যোগে রাজশাহীতে হিফজুল হাদিস প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলে ও মেয়ে মিলিয়ে আটজন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় সৌদি দূতাবাসে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দিনব্যাপী রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুকাদ্দিসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি দূতাবাসের প্রতিনিধি শায়খ আকমল হোসেন মাদানী। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করেন ড. মুকাররম বিন মুহসিন মাদানী।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করেন শায়খ আখতার মাদানী, শায়খ আজহারুল ইসলাম মাদানী, শায়খ আব্দুল হাকিম মাদানী ও শায়খ আব্দুল বারী।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিতদের মধ্যে সৌদি দূতাবাসের লোগোসংবলিত ব্যাগ ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে সৌদি দূতাবাসের প্রতিনিধি শায়খ আকমল হোসেন মাদানী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

