
রাজশাহীতে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ। আজ সোমবার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাগধানী উলাপুর গ্রামে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাসুমের আঘাতে তোফাজ্জল (১৯) গুরুতর আহত হন। তোফাজ্জল একই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

