
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বক্তারা বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীর সন্তান এবং এই অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় নেতা। দীর্ঘদিন তিনি রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের সেবা করেছেন। বর্তমানে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাঁর অসুস্থতায় রাজশাহীবাসী উদ্বিগ্ন।
বক্তারা আরও বলেন, সংসদ সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে মিনু নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময়ে রাজশাহীতে নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাঁরা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন, যাতে তিনি আবারও জনগণের সেবায় ফিরতে পারেন।
বক্তারা জানান, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল। এর মধ্যে গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও জনসভায় অসুস্থতা সত্ত্বেও তিনি উপস্থিত ছিলেন। এতে তাঁর শারীরিক ধকল বেড়ে যায়। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি। এ ছাড়া রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম এবং পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ অসুস্থ বিএনপি নেতাদের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

