
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ মঙ্গলবার রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরজুড়ে। একদিকে শারদীয় দুর্গোৎসবের আনন্দ, অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এই সফর ঘিরে রাজশাহীর মানুষের প্রত্যাশাও অনেক। নগরীর অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্যকর উদ্যোগের আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরকারি কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং একটি গাছের চারা রোপণের কর্মসূচি রয়েছে। এরপর বেলা ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভায় প্রায় চার হাজার ইক্ষুচাষির মধ্যে প্রণোদনার অর্থ বিতরণের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন। এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তারা প্রস্তুতি নিচ্ছেন।
রাজশাহী ধর্মসভার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তাদের মণ্ডপে এসে সম্মানিত করছেন। তাকে বরণ করে যথাযথ সম্মান জানাতে তারাও প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা সফল করতে চলছে নানা প্রস্তুতি। সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাজশাহীর নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রী হিসেবে তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। দলীয় নেতাদের প্রত্যাশা, জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাদ্রাসা মাঠের জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সর্বশেষ প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
রাজশাহীবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা করা।

