
নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী ইউনিটের সিপিএসসি। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার রাউতাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। রোববার এসআরবি-৫, রাজশাহী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাউতাড়া গ্রামের তারেকুল ইসলামের বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজতে থাকা ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের জিয়াউল হক (৪৮)।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ামতপুর থানায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

