উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
পুঠিয়ায় প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল ইসলাম (৩৫) পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের হেলপার। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুলের প্রথম স্ত্রী তারাপুর গ্রামে বসবাস করেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন আশরাফুল। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও কলহ চলছিল।

অভিযোগ রয়েছে, এ বিরোধের জের ধরে শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় আশরাফুলের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন রেখা খাতুন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। তিনি হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দেখভালের জন্য প্রথম স্ত্রী হাসপাতালে রয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার পর রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read more — উত্তরাঞ্চল
Home