
মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (৯ অক্টোবর) নগরীর আলুপট্টি সদর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কার্যক্রম অব্যাহত রয়েছে।
জুমার নামাজ শেষে প্রশাসক মসজিদের সংস্কারকাজ ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংস্কারকাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন, সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম বুলবুল, সহসভাপতি ডা. হাসানুজ্জামান হাসু, সহসেক্রেটারি মো. সিরাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশা ও মো. আফজালুল হোসেন তারেক, স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সিটি করপোরেশনের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জাকির শেখ জ্যাকি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

