উত্তরা প্রতিদিন
ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে দুর্গাপুরে উঠান বৈঠক, মশারি পেল ৪৫ পরিবার

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে দুর্গাপুরে উঠান বৈঠক, মশারি পেল ৪৫ পরিবার

 

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে আশ্রয়ণের বাসিন্দাদের সচেতন করা হয়। পরে ছিন্নমূল ও দুস্থ ৪৫টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার দেবীপুর আশ্রয়ণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে আশ্রয়ণের ৪৫টি পরিবারের হাতে মশারি তুলে দেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী সাহাবুল হক ও কার্য সহকারী রতন কুমার ঘোষসহ অন্যরা।

দুর্গাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেললে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তাই ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি।

পৌর প্রশাসক লায়লা নূর তানজু আরও বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। শিশুদেরও ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Read more — উত্তরাঞ্চল
Home