
দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
মওদুদী প্রসঙ্গে তিনি বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছে এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা যেকোনো বিপদে জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছর যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্ম ভুলে গেলে চলবে না। একই সঙ্গে দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ধর্মকে বিপথগামী করার উদ্দেশ্যে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনকারীদের চক্রান্ত এবং অন্যান্য অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে সঠিক পথ দেখাতে ওলামা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখার তাগিদ দেন এমপি মিলন। শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওলামা দলকে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ জেলা ও মহানগর ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

