উত্তরা প্রতিদিন
ঢাকা

নতুন কোচ পেল বাংলাদেশ

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
নতুন কোচ পেল বাংলাদেশ

বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।

টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাত গেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দুই দশকের বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসছেন ৪৬ বছর বয়সী মাকেতা।

দক্ষিণ আফ্রিকা দলের সহকারী কোচ হিসেবে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেছেন মাকেতা। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাকেতা। জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মাকেতার কোচিং ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যও রয়েছে। তাঁর দায়িত্বের সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের অংশ ছিলেন তিনি।

সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন। ২০২৩ থেকে ২০২৪ মৌসুমে তাঁর অধীনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন মাকেতা। সব মিলিয়ে আন্তর্জাতিক ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি।

নিয়োগের পর মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচকভাবে অবদান রাখার অপেক্ষায় আছি।’

মাকেতা আরও যোগ করেন, ‘আমাদের দলটি তরুণ ও রোমাঞ্চকর। ফিল ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি মুখিয়ে আছি। এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। নতুন এই যাত্রা শুরু করতে এবং বাংলাদেশ জাতীয় দলের সাফল্যে অবদান রাখতে আমি উচ্ছ্বসিত।’

Read more — খেলাধুলা
Home