উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শেখ শামীম হোসেন হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারজানা খাতুন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা। তিনি গৃহিণী। গত রোববার সকাল ৬টা ৫০ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের নথিতে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন এবং একজনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে রামেক হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Read more — উত্তরাঞ্চল
Home