উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা নামের ওই শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিন্ড্রোমে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। বর্তমানে রামেক হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন।

আজ সোমবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে এসব বিষয় নিশ্চিত করেন।

মারা যাওয়া মাইশা রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৬টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Read more — উত্তরাঞ্চল
Home