
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যটন অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজশাহীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।
জেলা প্রশাসক বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। পর্যটনকেন্দ্র, যাতায়াত, দর্শনীয় স্থান, আবাসন ও বিভিন্ন সেবা সম্পর্কে পর্যটকদের দ্রুত ও নির্ভুল তথ্য দিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজশাহীর পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। পর্যটনকেন্দ্রের পরিচ্ছন্নতা, পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে রাজশাহীকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারে পর্যটন সেবা আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করা সম্ভব। রাজশাহীর ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তাঁরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চন্দন চন্দ্র সরকার।
পর্যটন মোটেল, রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক মোহা. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

