উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে তার দোকানের শাটারের তালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আগের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার সন্ধ্যার পর নগরের চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসেন। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে চাইলে বারী টাকা ভাঙিয়ে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।

এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে যায়। বাড়ির সামনেই তার মুদি দোকান ছিল। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলেন। পরে দোকানের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।

দোকানে আগুন দেখতে পেয়ে বারী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।

গুরুতর আহত বারীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home