
সরকারি বিদ্যালয়ে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। একই সঙ্গে লটারি পদ্ধতি বাতিল করে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ‘সচেতন নাগরিক সমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক অভিভাবক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হলে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
তারা বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন পড়াশোনা ও প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সেই প্রস্তুতি ও মেধার মূল্যায়ন না করে শুধু লটারির মাধ্যমে ভর্তি নির্ধারণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব কমে যেতে পারে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।
মানববন্ধন থেকে সরকারি বিদ্যালয়ের তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত ভর্তি নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অভিভাবকরা।
দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে মাহাতাব হোসেন, সাইফুল ইসলাম, রিক্তা পারভীন, দিলরুবা খানম, বিধান চন্দন ও মোশাররফ ইসলামসহ কয়েক শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

