
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন ডেঙ্গু রোগী।
আজ শুক্রবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নারীর নাম নাসরিন (৩০)। তিনি রাজশাহী নগরীর সুলতানাবাদ এলাকার বাসিন্দা ও পেশায় চাকরিজীবী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিন গত রোববার সকাল ৭টার দিকে রামেক হাসপাতালের ৪৯ নং ওয়ার্ডে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। একজনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালে মোট ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

