
রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আমিনুল ইসলামের (৩২) বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমিনুলকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন (৫৫) ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে তার ঝামেলা হতো। বুধবার রাতে হঠাৎ তিনি হাসুয়া দিয়ে মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আমিনুলকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

