উত্তরা প্রতিদিন
ঢাকা

ভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ, পাঁচ দিন পর হাসপাতালে মারা গেলেন মাসুদ

উত্তরা প্রতিদিন বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
ভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ, পাঁচ দিন পর হাসপাতালে মারা গেলেন মাসুদ

নওগাঁর বদলগাছীতে ভিপি (শত্রু) সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মাসুদ হোসেন (৩৬) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদ হোসেন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার ওই জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল।

স্থানীয় সূত্র জানায়, প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তা আগে ওই জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন। অন্যদিকে বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন নতুন করে জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয়দের দাবি, আগের লিজের মেয়াদ শেষ হওয়ার পরও জমির দখল ও চাষাবাদ নিয়ে উত্তেজনা চলছিল। ঘটনার দিন জমিতে থাকা পটল তোলা এবং জমি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র আরও জানায়, ওই জমিতে ধান, পটল, বরবটি ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছিল। জমির দখলকে কেন্দ্র করে ফসল নষ্টের অভিযোগও রয়েছে।

আহতদের প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত মাসুদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।

বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিগুলো দখলে রেখে চাষাবাদ করে আসছিল। পরে অপর পক্ষ জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে মাসুদ গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মাসুদের মৃত্যুর পর সংঘর্ষের ঘটনায় করা মামলা হত্যা মামলায় রূপ নেয়। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Read more — উত্তরাঞ্চল
Home