উত্তরা প্রতিদিন
ঢাকা

মোটরসাইকেল আটকের পর এসপি কার্যালয় ঘেরাও, ছাত্রদল নেতাকে কেন্দ্রে তলব

উত্তরা প্রতিদিন মোঃ গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
মোটরসাইকেল আটকের পর এসপি কার্যালয় ঘেরাও, ছাত্রদল নেতাকে কেন্দ্রে তলব

অনিবন্ধিত মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কার্যালয়ে তলব করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, জেলা শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ জন্য কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টনের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। 

জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় আক্তারুজ্জামানের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই দিন রাতে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে এসপি কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন তিনি। এতে কার্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া এবং ধারণ করা ফুটেজ মুছে ফেলার জন্য চাপ দেওয়ার অভিযোগও ওঠে।

ঘটনাটিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেই কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে আক্তারুজ্জামান আক্তার বলেন, “কারণ দর্শানোর জবাব দিতে ঢাকায় যাচ্ছি। সোমবার রাতের ঘটনার কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছি।” জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, “পুরো বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। কেন্দ্রের কাছে ব্যাখ্যা দিয়ে বিষয়টি সমাধান করা হবে।”

Read more — উত্তরাঞ্চল
Home