
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে পানিবন্দী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর ও দিয়ার শংকরপুর চর এলাকায় গিয়ে পানিবন্দী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের টানা পানি বৃদ্ধিতে পদ্মার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির স্রোত ও নদীভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে প্রায় ৫০২ হেক্টর জমির ফসল ও সবজি পানিতে তলিয়ে গেছে। অনেক বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে।
এতে একদিকে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রতিমন্ত্রী পুতুল সরেজমিনে চরাঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনর রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

