
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি কার্যকর এবং এক্সগ্রেশিয়া অনুমোদনের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবি জানিয়েছে রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এসব দাবি তুলে ধরেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে রাকাবের অর্গানোগ্রাম পুনর্গঠন না হওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে পদোন্নতি থেকে পিছিয়ে থাকা বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
তারা বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাকাবের অর্গানোগ্রাম পুনর্গঠন ও দ্রুত অনুমোদন করা প্রয়োজন। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করে যোগ্য কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি এবং এক্সগ্রেশিয়া অনুমোদনের উদ্যোগ নিতে হবে।
এ জন্য ব্যবস্থাপনা পরিচালকের সদয় হস্তক্ষেপ ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, রাকাবের সার্বিক উন্নয়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যাংকটিকে একটি মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে অফিসার্স অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। ব্যাংকের স্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

