বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ে চালু হচ্ছে অ্যাপ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ে চালু হচ্ছে অ্যাপ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

রাজস্ব আদায়ে গতি আনতে আরেকটি উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহে দামের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ বা প্রতি ১০০ টাকায় ২০ পয়সা হারে উৎসে অগ্রিম আয়কর আদায়ের বিধান রাখা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে সহজে এই কর আদায়ের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। চলতি মাসেই এই অ্যাপ চালু করা হবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, ক্রেতা সংকটে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে দোকানপাট, সুপারমার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের পাশাপাশি অনেক বড় ব্যবসায়ীর অবস্থাও খারাপ। এমন পরিস্থিতিতে এই কর আদায়ের নামে নতুন করে হয়রানি বাড়বে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। 

তারা সতর্ক করে বলেছেন, এই করের বোঝা সরবরাহ ব্যবস্থার মধ্য দিয়ে স্থানান্তরিত হলে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আরও বাড়তে পারে। কারণ খুচরা বিক্রেতারা তাদের মুনাফা ঠিক রাখতে এই অতিরিক্ত কর পণ্যমূল্যের সঙ্গে যোগ করবেন। এর ফলে নিত্য ভোগ্যপণ্য, ওষুধসহ সব ধরনের পণ্যের জন্য ভোক্তাকে বাড়তি খরচ গুনতে হবে।আয়কর আইন অনুযায়ী, কোনো উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক তাদের উৎপাদিত, আমদানি করা, ক্রয় করা বা বিক্রির জন্য সংগৃহীত বা প্রাপ্ত পণ্য খুচরা বিক্রেতার কাছে সরাসরি বিক্রি বা সরবরাহের বিপরীতে শূন্য দশমিক দুই শতাংশ হারে উৎসে অগ্রিম কর সংগ্রহ করবেন। সংগৃহীত এই কর বিধান অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতার অগ্রিম আয়কর হিসেবে বিবেচিত হবে। এই আইনের ফলে প্রান্তিক খুচরা মুদি দোকানও করের আওতায় আসছে।

সূত্র জানায়, রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের ওপর সরকারের চাপ বাড়ছে। সেজন্য করের আদায় বাড়াতে তৎপরতা বাড়িয়েছে সংস্থাটি। এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এনবিআরের কাঠামো অনুযায়ী যেসব ডিলার খুচরা দোকানে পণ্য সরবরাহ করেন, তারা পণ্য বিক্রয় মূল্যের ওপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ পয়েন্টে এই কর সংগ্রহ করবেন। অর্থাৎ ডিলার ও সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত পক্ষগুলো এই কর সংগ্রহ করবে। খুচরা পর্যায়ে এই আইন বাস্তবায়নের জন্য পণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী ও পরিবেশক প্রতিষ্ঠানের বিপণনপ্রধানদের নিয়ে শিগগিরই একটি সমন্বয় সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রাথমিকভাবে কোম্পানির ডিলাররা পণ্য সরবরাহের সময় খুচরা ব্যবসায়ীদের থেকে এই কর কেটে আদায় করবেন। এরপর তারা সরকারের কোষাগারে জমা দেবেন।
এনবিআরের নীতি বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, বাজেটে খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক দুই শতাংশ কর আরোপের সিদ্ধান্ত হয়েছিল। এই কর আদায়ের লক্ষ্যে আইসিটি সেকশন এবং কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগ যৌথভাবে একটি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। সফটওয়্যারটি দাঁড় করানোর কাজ শেষ হয়েছে। বর্তমানে এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

এ বিষয়ে এনবিআরের কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগের একজন কর্মকর্তা সমকালকে বলেন, এই কর সুষ্ঠুভাবে আদায় করতে অ্যাপ তৈরি করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। যখন সিস্টেম উন্মুক্ত করা হবে তখন এটি সহজেই বলে দেবে, কোনটিতে এন্ট্রি দিতে হবে এবং কীসের ওপর কাজ করতে হবে। চলতি নভেম্বর মাসেই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। তারা সবাই করের আওতায় চলে আসবেন। সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া সমকালকে বলেন, ক্রেতা সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি অনেকে পুঁজি হারিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এই অ্যাপ চালু হলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের পাশাপাশি বড় ব্যবসায়ীরাও হয়রানির শিকার হবেন।

জহিরুল হক ভূঁইয়া বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে ব্যবসায়ীদের ওপর কর ও ভ্যাটের বোঝা প্রতিনিয়ত বাড়ছে। অথচ যারা কর্মসংস্থান সৃষ্টি করেন এবং অর্থনীতিতে অবদান রাখেন, তাদের সুরক্ষার কোনো পরিকল্পনা সরকারের নেই। হাতে গোনা কয়েকটি বড় শিল্প গ্রুপ ছাড়া প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান সংকটে রয়েছে। নতুন এই পদক্ষেপে রাজস্ব কর্মকর্তাদের নানা অজুহাতে ব্যবসায়ীদের কাছে বেশি অঙ্কের টাকা দাবি করার সুযোগ তৈরি হবে। এতে শুধু ব্যবসায়ী নন, ভোক্তাও বিপদে পড়বেন। কারণ করের চাপে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে।




উত্তরা / এ এম