উত্তরা প্রতিদিন
ঢাকা

রাকাবের চেয়ারম্যান পদে অধ্যাপক মো. রফিকুল ইসলামের যোগদান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
রাকাবের চেয়ারম্যান পদে অধ্যাপক মো. রফিকুল ইসলামের যোগদান

 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগদান করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বুধবারের (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি রাকাবের চেয়ারম্যান পদে যোগদান করেন।

অধ্যাপক মো. রফিকুল ইসলাম উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন অবদান রাখার পাশাপাশি অর্থনীতি বিষয়ে শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে একাডেমিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।

১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন রফিকুল ইসলাম। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৫০ সালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক সম্মান, ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

Read more — অর্থনীতি
Home