উত্তরা প্রতিদিন
ঢাকা

ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
ফারাক্কার জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

ফারাক্কার সবকটি জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রয়েছে প্রায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে ২৪ ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে।

 

এ ছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৩০০ হেক্টর আমন ধানসহ সবজি খেত। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল বলেন, পানিবন্দি মানুষের সহায়তায় কাজ করছে প্রশাসন।

 

স্থানীয়রা বলছেন, উপদ্রুত এলাকায় সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি নিয়ে। পানির উৎসগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহ করতে দূরের এলাকায় যেতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। তবে আজ থেকে পানি দ্রুত কমে আসার সম্ভাবনা রয়েছে।

 

উত্তরা/এএম

Read more — উত্তরাঞ্চল
Home