উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাবনার বেড়া উপজেলার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। একজনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Read more — উত্তরাঞ্চল
Home