উত্তরা প্রতিদিন
ঢাকা

উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান

উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আজ সোমবার বেলা ৩টায় রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় পত্রিকাটির কার্যালয়ে আসেন তিনি। এ সময় পত্রিকাটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পেশা। গণমাধ্যমকে মানুষের আস্থা ধরে রাখতে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের পেশাগত অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আইনসম্মত অধিকার নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও সংশ্লিষ্ট আইন-বিধি অনুসরণ করতে হবে।

উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়েই পাঠকের আস্থা অর্জন করা সম্ভব। উত্তরা প্রতিদিন শুরু থেকেই উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। ভবিষ্যতেও পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকের কাছে মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, প্রেস কাউন্সিল চেয়ারম্যানের কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সাংবাদিকদের পেশাগত অধিকার ও মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন, রাজশাহী জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ কাদের মুন এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক মৌসুমী মাহমুদ, বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বিশেষ প্রতিনিধি সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, জ্যেষ্ঠ সহ-সম্পাদক আহসান হাবিব এবং নিজস্ব প্রতিবেদক এজাজ মাহমুদ মুজাহিদ।

পরিদর্শনকালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান পত্রিকার প্রকাশনা ও সংবাদ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Read more — উত্তরাঞ্চল
Home