উত্তরা প্রতিদিন
ঢাকা

সাংবাদিকতার মর্যাদা ও মান রক্ষায় অধিকার সচেতন হতে হবে

রাজশাহীতে প্রেস কাউন্সিল চেয়ারম্যান
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
সাংবাদিকতার মর্যাদা ও মান রক্ষায় অধিকার সচেতন হতে হবে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

আজ সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এ কর্মশালায় রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান আইন ও বিধি-বিধানের যথাযথ বাস্তবায়ন জরুরি। সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছে। সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীলভাবে এগিয়ে এলে পেশাটির স্বাধীনতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্রসহ আইনসম্মত পেশাগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সংবাদ পরিবেশনের আগে তথ্যের যথার্থতা যাচাই করতে হবে। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখেই সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর সম্পদ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা, সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

Read more — উত্তরাঞ্চল
Home