
স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বিএনপি বড় রাজনৈতিক দল হওয়ায় অনেকেই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তবে দলীয়ভাবে সমন্বয় করে প্রতিটি এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ‘বিএনপি বড় দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু দলীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।’
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়ানো এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।

