উত্তরা প্রতিদিন
ঢাকা

যে কারণে খালেদা জিয়া সেজেছিলেন অভিনেত্রী চমক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ আগস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
যে কারণে খালেদা জিয়া সেজেছিলেন অভিনেত্রী চমক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লুকে হাজির হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে খালেদা জিয়ার পরিচিত সাজ ও পোশাকে দেখা যায় তাকে।

চমকের এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন ওঠে, হঠাৎ কেন খালেদা জিয়ার সাজ বেছে নিলেন তিনি? এর পেছনে কি ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল?

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেছেন চমক। তিনি জানান, তার ভ্লগ সিরিজে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সময় সংশ্লিষ্ট পোশাক ও সাজ ব্যবহার করেন। খালেদা জিয়ার লুকও সেই ধারাবাহিকতার অংশ।

ভাইরাল হওয়ার জন্য এমন সাজ নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে চমক বলেন, ‘আপনারা কি আমার ‘ডিসকভারিং বাংলাদেশ’ ব্লগ আগে দেখেন নাই? এর আগে আমি যখন মনিপুরী বা গারোদের নিয়ে ভিডিও করছি, তখন তাদের কস্টিউম পরেছি। আমি যখন তাঁতশিল্প নিয়ে ভিডিও করছি, তখন তাঁতের শাড়িটা পরছি। আমি যখন যে ভিডিওটা করি, তখন সেটার লুক নিই। ভাইরাল হওয়ার জন্য এটা করিনি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা আমার ভিডিও বানানোর প্যাটার্ন।’

পোশাক ও সাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার বিষয়টিও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। চমকের ভাষ্য, তিনি ফ্যাশন, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেন। বাংলাদেশের পোশাকের মাধ্যমে দেশের পরিচয় ও সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব বলেও মনে করেন তিনি।

চমক বলেন, ‘আমি ফ্যাশন, আমাদের ট্র্যাডিশন ও কালচার নিয়ে স্টাডি করি। বাংলাদেশের পোশাক এমন একটা জিনিস, যার মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি, দেশের পরিচয় ও কালচার রিপ্রেজেন্ট করতে পারি।’

এদিকে চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কেনার কারণে রাজনীতিতেও আলোচনায় এসেছিলেন চমক। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দেশের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম হিসেবেই রাজনীতিকে দেখছেন।

চমক বলেন, ‘আমি দেশনীতিবিদ হতে চাই। আমার জন্য রাজনীতি শব্দটা একটু আলাদা। দেশের জন্য কিছু করার একটা প্ল্যাটফর্ম দরকার। এরকম কোনো বড় প্ল্যাটফর্ম যদি পাই, সেখান থেকে আমার জন্য দেশের পলিসি মেকিং, দেশের অনেক পরিবর্তন আনার জায়গাটা পাওয়া সহজ হবে। এটাই আমার রাজনীতিতে জড়ানোর কারণ ছিল।’

বর্তমান সরকারের মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাইলে চমক বলেন, কোনো সরকারকে এক কথায় মূল্যায়ন করা সম্ভব নয়। তার মতে, সরকারের কিছু কাজ ভালো হলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত মূল্যায়নের জন্য গবেষণার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও নিয়মিত কাজ করছেন চমক। দেশের বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা তুলে ধরার লক্ষ্যেই তৈরি করছেন ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ সিরিজ।

 

Read more — বিনোদন
Home