উত্তরা প্রতিদিন
ঢাকা

নজরুলের আদর্শে অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
নজরুলের আদর্শে অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান

সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেছেন, সমাজে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা বাড়লে কিশোর অপরাধ, মাদকাসক্তি, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি পর্যায়ক্রমে কমে আসবে। নতুন প্রজন্মকে মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ধারণ করে বেশি বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার সকালে রাজশাহী নগরীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, নজরুলের কবিতা ও গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো মানুষের অধিকার আদায় ও জাগরণের প্রেরণা জোগায়। শৈশবে রুটির দোকানে কাজ করার কঠিন বাস্তবতা তাঁর মধ্যে বিদ্রোহী চেতনার জন্ম দেয়।

তিনি বলেন, নজরুল তাঁর লেখনীতে সমাজের বৈষম্য, ধর্মীয় অসংগতি ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ যে কথা সাহস করে বলতে পারেনি, নজরুল তা অত্যন্ত সাহসের সঙ্গে উচ্চারণ করেছেন। এ কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছে। তিনি নজরুলকে ‘আমাদের কবি’ হিসেবে উল্লেখ করেন।

বিভাগীয় কমিশনার বলেন, বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নজরুল চর্চার মাধ্যমে একটি শিক্ষিত, অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।

Read more — উত্তরাঞ্চল
Home