
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এসময় ক্ষুব্ধ স্থানীয়দের ধাওয়া খেয়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আমঝোল সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ডে নিজেদের ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ বিএসএফের একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বিনা উসকানিতে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায় ও মারধর শুরু করে।
কৃষকদের চিৎকারে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিএসএফকে ধাওয়া দেয়। এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে বিএসএফের ধস্তাধস্তির ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ব্যবহৃত দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলেই দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, এ বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আমাদের কথা হচ্ছে। ঘটনার সুষ্ঠু সমাধান ও প্রতিবাদ জানাতে এরইমধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

