
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন গত মাসে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আবারও পাড়ি দিয়েছেন লন্ডনে। সেখানে শুরু হয়েছে তার চিকিৎসা।
যে স্বপ্ন সবার কাছে রেখে গেলেন ইলিয়াস কাঞ্চন
সম্প্রতি দেশে ফিরে তিনি গিয়েছিলেন তার পৈতৃক ভিটায়। ইলিয়াস কাঞ্চনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়ায়। সেখানে তার অনেক সম্পত্তি ছিল। সম্প্রতি ছেলেকে সঙ্গে নিয়ে সেইসব সম্পত্তি বিক্রি করে রেজিস্ট্রি করে এসেছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন ইলিয়াস কাঞ্চন তার গ্রামের সব সম্পত্তি দরিদ্র মানুষদের দান করেছেন। তবে এর কোনো সত্যতা মেলেনি। বিষয়টি সামনে এনে ফেসবুকে একটি পোস্ট করেছেন ইলিয়াস কাঞ্চনের গ্রামের প্রতিবেশী আলী সুজন। তিনি একজন নাট্য নির্মাতাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ভুল বলে দাবি করে আলী সুজন যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আলী সুজন দাবি করেন, অসুস্থতার কারণে কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চন তার গ্রামের বাড়ির সম্পত্তির কিছু অংশ বিক্রি করে বিভিন্ন ব্যক্তিকে রেজিস্ট্রি করে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত জানেজাহান মাদরাসার জায়গাটি মাদরাসার নামে দান করা হয়েছে।
তবে গ্রামের বাড়ির সব সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে দান করেছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন যে তথ্য ছড়িয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন আলী সুজন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জানা মতে, ওনার জানেজাহান মাদরাসার জায়গাটা মাদরাসার নামে দান করেছেন। আর বাদবাকি সম্পত্তি বিক্রি করেছেন। অনেকে সঠিক তথ্য না জেনে নিউজ করছেন যে, ওনার গ্রামের বাড়ির সব সম্পত্তি গরিব মানুষদেরকে দান করেছেন। এ তথ্যটি ভুল।’
আলী সুজন আরও বলেন, একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। শুধু নিজের পেজের অনুসারী ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের খবর প্রকাশ না করার আহ্বানও জানান তিনি।

